রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে এবং খুনীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টস্তামূলক শাস্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সেলিম ভূইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, সাধারণ সম্পাদক ড. নূরে আলম আব্দুল্লাহ, প্রক্টর ড. নূর মোহাম্মাদ, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারপারসন জুনায়েদ আহমদ হালিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে এখন মানুষ হত্যা করা একটা নিত্যনৈমিত্তিক ঘটনায় রূপ নিয়েছে। মসজিদের ইমাম-মুয়াজ্জিন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী, নাট্যকর্মী কেউ এই দেশে নিরাপদ নন। দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে , অথচ প্রশাসন এর কোনো রহস্য উম্মোচন করতে পারছে না। রাবি শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে জবি শিক্ষক সমিতি।
