তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ভোট পড়েছে ৭৭ শতাংশ

আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ০৯:২৬
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে ৭৭ দশমিক ১৯ শতাংশ ভোট পড়েছে। এই ধাপের ৬১৪ ইউনিয়ন পরিষদের নির্বাচনের মধ্যে রবিবার বিকাল পর্যন্ত পাওয়া আংশিক ফলাফল (৫২২ ইউপি) ইসির প্রধান কার্যালয়ে পৌঁছেছে। এতে ৯৩ লাখ ২০ হাজার ১৯৪ ভোটের মধ্যে গত শনিবার অনুষ্ঠিত ভোটে ৭১ লাখ ৯৩ হাজার ৮৬৪ ভোটার ভোট দিয়েছেন। ত্রুটিপূর্ণ ভোট হওয়ায় এর মধ্যে ১ লাখ ৪৮ হাজার ১৫১টি ভোট বাতিল করা হয়েছে।
 
ক্ষমতাসীন দলের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে ৪৫ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছেন। আর ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থীরা পেয়েছেন ২০ দশমিক ৯ শতাংশ ভোট। ইউপি নির্বাচনের প্রথম ধাপে ৭৪ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ৭৮ শতাংশ ভোট পড়ে।
 
৫২২টি ইউপির মধ্যে ৩২৪টিতে নৌকা প্রতীকের জয়ের বিপরীতে বিএনপির ধানের শীষ জিতেছে ৫৭টিতে। স্বতন্ত্র হিসেবে ভোট করে জয় পেয়েছেন ১২১ জন।
 
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামান মিয়া জানিয়েছেন, সোমবারের মধ্যে সবগুলো ইউপির ফল তাদের হাতে আসবে। পার্বত্য চট্টগ্রামের কিছু দুর্গম এলাকায় এই ধাপে ভোট থাকায় পূর্ণাঙ্গ ফল পেতে কিছুটা বিলম্ব হচ্ছে।