মেহেরপুরের গাংনী পৌর এলাকার ঝিনেরপুল পাড়া এলাকায় কুয়েত প্রবাসী এক ব্যক্তির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিলন হোসেন (৩২) জেলা সদর উপজেলার শ্যামপুর গ্রামের হামিদ মল্লিকের ছেলে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রীসহহ দুইজনকে আটক করা হয়েছে।
তিনি গাংনী পৌর এলাকার বনবিভাগ পাড়ায় বসবাস করে আসছিলেন।
সোমবার সকাল সাতটার দিকে পৌর এলাকার ঝিনেরপুল পাড়ার গাংনী সায়েন্স এন্ড টেকনোলজি কলেজের অদূরে পরিত্যক্ত একটি বাড়ির পিছনের একটি গর্তে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
তবে একই স্থান থেকে রবিবার দিবাগত রাত ১২টায় পরিত্যক্ত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। রাস্তার উপর মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করে।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলে একটি হাতুড়ি, মোটরসাইকেলের ব্যাকলাইটের ভাঙ্গা অংশ ও রক্তের দাগ পড়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের খালাত ভাই শহিদুল ইসলাম জানান, মিলন এক সপ্তাহ আগে কুয়েত থেকে বাড়ি এসেছিল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে নেয়া হয়েছে। হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
