দাবদাহ আরও বাড়বে, বৃষ্টির সম্ভাবনা নেই

আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১১:০৬
চলমান দাবদাহ আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদফতর বলছে, এপ্রিল মাসজুড়েই থাকবে তাপপ্রবাহ। আর বৃষ্টির দেখা মিলছে না খুব শিগগির। তবে এ মাসের শেষের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। 
 
তীব্র তাপপ্রবাহের কারণে রাজধানী ঢাকাতেও জনজীবনে প্রভাব লক্ষ্য করা গেছে। প্রচণ্ড গরম আর যানজটে অস্থির নগরবাসী।
 
সিলেট, বরিশাল ও চট্টগ্রামে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আগামী ২/৩ দিনের মধ্যে ঢাকায় কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
 
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, আগামীতে তাপমাত্রা আরো বাড়বে। বুধবার নাগাদ ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। আগামী শুক্রবার ৪৫ ডিগ্রি থাকার সম্ভাবনা বেশি।
 
ঢাকা বিভাগের ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
 
অন্যদিকে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে বিরাজ করছে তীব্র তাপপ্রবাহ।
 
রবিবার যশোরে সর্বোচ্চ ৪১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। আর একই দিনে ঢাকায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা মৌসুমের সর্বোচ্চ। 
 
এছাড়া ফরিদপুরের ৪০ ডিগ্রি, রাজশাহীতে ৪০ ডিগ্রি, মংলায় ৪০.৫ ডিগ্রি, সাতক্ষীরায় ৪০.৫ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। চট্টগ্রাম বিভাগের মাইজদী কোর্ট ও শ্রীমঙ্গলে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে।