কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিট আবেদন নিয়মিত বেঞ্চে উপস্থাপনের আদেশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. সেলিমের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে বিষয়টি উপস্থাপন করেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
তিনি বলেন, আদালত রিট আবেদনটি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে উপস্থাপন করতে বলেছেন। অবকাশ শেষে আগামী সোমবার নিয়মিত বেঞ্চ বসবে। সেদিন নিয়মিত বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হবে।
এর আগে গত ২০ এপ্রিল রিট আবেদনকারী আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় আবেদনটি তালিকা থেকে বাদ দেন একই বেঞ্চ।
গত ৩ এপ্রিল তনু হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদনটি করেন ইউনুছ আলী আকন্দ।
