কেন্দুয়ায় দলীয় বিদ্রোহীদের কাছে ধরাশায়ী আওয়ামী লীগ

আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৪:০৫
 
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় বিদ্রোহীদের কাছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ধরাশায়ী হয়েছেন। উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ছয়টিতেই বিজয় লাভ করেছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা এবং মাত্র ৩টিতে আওয়ামী লীগ জয়ী হয়েছে। এ ছাড়া অন্য ৪টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে তিনটিতে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছে ও একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয় লাভ করেছে।
 
বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন, উপজেলার আশুজিয়ায় রফিকুল ইসলাম রফিক, দলাপায় আমিনুর রহমান খান পাঠান, গড়াডোবায় মজিবুর রহমান বাবলু, রোয়াইলবাড়ি আমতলায় এসএম ইকবাল রুমী, পাইকুড়ায় হুমায়ূন কবীর চৌধুরী ও নওপাড়া ইউনিয়নে শফিকুল ইসলাম শফিক। বিজয়ী আওয়ামী লীগের প্রার্থীরা হলেন, সান্দিকোনায় আজিজুল ইসলাম, মোজাফরপুরে নূরে আলম জাহাঙ্গীর চৌধুরী ও গন্ডা ইউনিয়নে সনজু মিয়া। বিজয়ী বিএনপির প্রার্থীরা হলেন, কান্দিউড়ায় শহীদুল্লাহ কায়সার, বলাইশিমুলে আলী আকবর তালুকদার মল্লিক ও চিরাং ইউনিয়নে মাহবুব আলম খান জরিপ ও মাসকা ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান খোকামণি বিজয়ী হয়েছেন।
 
এদিকে উপজেলার ৬টি ইউনিয়নেই নিজ দলের বিদ্রোহী প্রার্থীদের কাছে আ’লীগ প্রার্থীরা ধরাশায়ী হওয়ায় দলীয় মনোনয়ন বোর্ডের প্রার্থী বাচাইয়ের সঠিক পদ্ধতি ও যোগ্যতা নিয়ে দলীয় নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন।