টোকিও অলিম্পিকের নতুন লোগো উন্মোচন করলো জাপান

আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৪:০৯
টোকিওতে অনুষ্ঠিতব্য ২০২০ গ্রীষ্ম অলিম্পিক ও প্যারা অলিম্পিকের নতুন আনুষ্ঠানিক লোগো উন্মোচন করেছে জাপান। গত বছর নকলের দায়ে বাতিল হওয়া লোগোর পরিবর্তে ব্যবহৃত হবে নতুন লোগো।
 
টোকিও অলিম্পিকের আয়োজক কমিটি জানিয়েছে, নতুন লোগোতে জাপানি সংস্কৃতির পাশাপাশি অলিম্পিকের আন্তঃ-সাংস্কৃতিক চরিত্রটি ফুটে উঠেছে। বিবৃতিতে বলা হয়, টোকিও অলিম্পিকের লোগোতে বৈচিত্র্যের একতা প্রকাশ করছে। বিশ্বের বৈচিত্র্যময় সংস্কৃতিকে এক প্লাটফর্মে সংযুক্ত করার অলিম্পিকের ধারণাটি প্রকাশ হয়েছে লোগোতে।
 
IMG0
 
এর আগে প্রথম লোগোর ডিজাইনটি বাতিল করা হয়েছিল বেলজিয়ান শিল্পী অলিভিয়ের ডার্বি তার তৈরি একটি থিয়েটারের লোগো ডিজাইন থেকে নকল করার অভিযোগ তোলায়। জাপানের আয়োজক কমিটি নকলের অভিযোগ কখনো স্বীকার না করলেও লোগোটি বিতর্কিত হওয়ায় বাতিল করে দেয়। বিবিসি।