ইথিওপিয়ায় জাতিগত সহিংসতায় নিহত ১৪

আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৪:১৪
ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে জাতিগত সহিংসতায় অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছে। সেখানে জাতিসংঘ ও এমএসএফ অফিস লক্ষ্য করেও বিক্ষোভকারীরা হামলা চালাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় নিরাপত্তা বাহিনী।
 
বেসরকারি সংস্থার একটি গাড়ির নীচে চাপা পড়ে নুয়ের জাতি গ্রুপের দুই শিশু প্রাণ হারানোর ঘটনা থেকে সংঘর্ষ শুরু হয়। গাড়িটি ইথিওপিয়ার এক ড্রাইভার চালাচ্ছিল। সূত্র মতে, শুক্রবার দক্ষিণ সুদানের শরণার্থী ক্যাম্পের এ দু-শিশুর প্রাণহানির পর শরণার্থীরা ক্যাম্পের আশেপাশের ইথিওপিয়ানদের লক্ষ্য করে হামলা চালায়। এতে নারী ও পুরুষ মিলে ১০ জন নিহত হয়। 
 
এদিকে এ ঘটনার পর শনিবার ও রোববার নুয়ের প্রতিদ্বন্দ্বী আনুয়াক জাতিগত গ্রুপের লোকজন গাম্বেলা শহরে গিয়ে নুয়ের গ্রুপের চারজনকে হত্যা করে। আনুয়াক গ্রুপের ক্ষুব্ধ আদ্দিস আলিমায়ু বলেন, জনগণ ক্ষুব্ধ। আমরা প্রতিশোধ চাই। পুলিশ বিষয়টির সুরাহা না করলে নুয়ের গ্রুপের অনেকেই মারা পড়বে।
 
তিনি বলেন, এসব শরণার্থীর সকলেই দক্ষিণ সুদান থেকে এসেছে। এরপর থেকে পরিস্থিতির অবনতি ঘটছে। অথচ এ দেশ আমাদের। এদিকে বিক্ষোভকারীরা জাতিসংঘ ও ডক্টরস উইদাউট বডার্স (এমএসএফ) এর অফিস ও গাড়ি লক্ষ্য করেও হামলা চালাচ্ছে। তাদের অভিযোগ জাতিসংঘ ও এমএসএফ নুয়ের গ্রুপকে সহযোগিতা করছে। এএফপি।