ব্যাট হাতে ঝড়ো গতিতে সেঞ্চুরি করলেন শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে সামারসেটের বিপক্ষে প্রথম দিনেই ঝড়ো গতিতে এক সেঞ্চুরি করেন তিনি।
৯৪ বলে সেঞ্চুরি করা সাঙ্গাকারা শেষ পর্যন্ত আউট হন ১৭১ রানে।এই ইনিংসের সুবাদে সারের হয়ে ১’হাজার রানের কাবে প্রবেশও করেন তিনি। সারের হয়ে গত ম্যাচেও ভালো স্কোর করেছিলেন সাঙ্গাকারা। নটিংহ্যামের দুই ইনিংসে ৩২ ও ৮৩ রানের দু’টি ঝকঝকে ইনিংস খেলেন তিনি।
ইনিংসে অষ্টম ওভারেই ক্রিজে যান সাঙ্গাকারা। শুরুতে দেখেশুনে খেললেও, উইকেটে সেট হয়ে মারমুখী হয়ে উঠেন তিনি। ফলে বলের সাথে পাল্লা দিয়ে রান তুলেন সাঙ্গা। ৫২ বলেই পেয়ে যান হাফ-সেঞ্চুরির স্বাদ।
তবে তিন অংকে পা দিতে আরও কম বল মোকাবেলা করেন সাঙ্গাকারা। ৪২ বলে পরের হাফ-সেঞ্চুরি পূর্ণ করে তিন অংকে পা রাখেন তিনি। নিজের ৯৪তম বলে ছক্কা হাকিয়ে সেঞ্চুরি করেন সাঙ্গা।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৬তম সেঞ্চুরির পরও ব্যাট হাতে রানের ফুলঝুড়ি ফুটিয়েছেন সাঙ্গাকারা। রানের চাকা সচল রেখে দেড়শ রান কোটা পেরিয়ে যান তিনি। ফলে ডাবল-সেঞ্চুরির স্বপ্নও দেখছিলেন তিনি। কিন্তু ১৭১ রানেই থেমে যেতে হয় তাকে। তার ১৭৬ বলের ইনিংসে ২৪টি চার ও ৪টি ছক্কার মার ছিলো।
সাঙ্গাকারা এমন নান্দনিক ইনিংসের উপর ভর করেই দিন শেষে ৫ উইকেটে ৩৯৪ রানের বড় সংগ্রহ পায় সারে। সাঙ্গাকারা ছাড়াও দলের পক্ষে বড় ইনিংস খেলেন ররি বানর্স ও জেসন রয়। বানর্স ৮০ ও রয় ৮৫ রান করেন।
