অপসারণ আইন বিচারপতিদের হয়রানির জন্য নয়: আইনমন্ত্রী

আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৯:১০
 
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশে বিচারপতি অপসারণ সংক্রান্ত আইন করা হয়নি। তাদের সম্মানজনক বিদায়ের উদ্দেশে এ আইন করা হয়েছে। এতে বিচারপতিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে সকল স্তরে।
 
সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক (তদন্ত) আইন-২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। খসড়া অনুমোদনের পর এ আইন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
 
তিনি বলেন, আইনটির খসড়া অনুমোদন দেয়া হয়েছে। চূড়ান্ত আইন অনুমোদন  দেয়ার আগে অবশ্যই বিচারপতিদের মতামত নেয়া হবে।
 
মন্ত্রিসভা অনুমোদিত বাংলাদেশ ‍সুপ্রিম কোর্ট বিচারক (তদন্ত) আইন’ এর খসড়াটি আইনে রূপান্তর করার আগে এ বিষয়ে বিচারপতিদের মতামত বাঞ্ছনীয় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এ আইনের খসড়ায় বিচারপতিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারীর জন্য শাস্তির বিধান রয়েছে বলেও জানান তিনি। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত  বৈঠকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক (তদন্ত) আইন এর খসড়া নীতিগত অনুমোদনের পর নিজ কার্যালয়ে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী।