ভারত সরকার প্রখ্যাত ব্যবসায়ী বিজয় মাল্যর পাসপোর্ট বাতিল করেছে। ঋণ সংক্রান্ত তদন্তে তিনি কর্মকর্তাদের সামনে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি ও বিবিসির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ টুইট করে জানান, বিজয় মাল্যর পাসপোর্ট বাতিল করা হয়েছে। মাল্যকে ভারতে ফেরত পাঠানোর জন্য ব্রিটিশ সরকারের কাছে কীভাবে সহযোগিতা চাওয়া হবে, তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন আলোচনা চালাচ্ছে।
বিজয় মাল্য অবশ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন বা ব্রিটেনে থাকার অনুমতি পেতে তিনি সে দেশের আদালতেও আবেদন জানাতে পারেন।
ভারতের পক্ষ থেকে আরো বলা হয়েছে, এক সপ্তাহের মধ্যে নোটিশের উত্তর না দেয়া হলে তার পাসপোর্ট পুরোপুরি বাজেয়াপ্ত করা হবে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ১৭টি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা শোধ না করেই বিদেশে চলে যান।
তার বিরুদ্ধে আরো অভিযোগ বিপুল এই ঋণের কারণেই ২০১৩ সালে কিং ফিশারের পতন ঘটে। এদিকে বিজয় মাল্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, ঋণের বোঝার কারণে তিনি দেশত্যাগ করেননি।
