রায়পুরার চরসুবুদ্ধিতে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগ

আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ২০:৪৬
রায়পুরা উপজেলা চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তার বিরুদ্ধে সরকারী দলের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন হাজী মোঃ নাছির উদ্দিন।

গত ২৪ এপ্রিল হাজী মোঃ নাছির উদ্দিন চরসুবুদ্ধি বাজার এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের এক বিশাল লগি বৈঠা, বাঁশের লাঠি নিয়ে নৌকার সমর্থনে মিছিল বের করেন। যা ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ এর আচরণ বিধিমালার বিধান লংঘন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমেন। তিনি বলেন, নির্বাচনে আচরনবিধিমালা লংঘন করে হাজী নাছির বহিরাগত লোকজন নিয়ে সমস্ত নির্বাচনী এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। হাজী নাছির উদ্দিন নির্বাচনী প্রচারণায় প্রায় একশত মোটর সাইকেল নিয়ে শোডাউন করেছেন। এমনকি হাজী আব্দুল মোমেনের বাড়ীর সামনে গিয়ে হৈ চৈ করে আতংক সৃষ্টি করেছেন। এছাড়াও চরসুবুদ্ধি বাজার সংলগ্ন মাঠে একাধিক মাইক ব্যবহার করে নির্বাচনী জনসভা পরিচালনা করেছেন। তিনি হাজী মোমেনের কর্মীদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি ও লাঠি সোঠা নিয়ে পথরোধ করে নির্বাচনী প্রচারণা কাজে বাধা সৃষ্টি করেছেন বলে রায়পুরা উপজেলা রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছেন। নির্বাচনী আচরণবিধি লংঘনের দায়ে অবিলম্বে সরকার দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ নাছির উদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবীও  জানিয়েছেন তিনি।