গাংনী উপজেলা শহরের শিশিরপাড়া মোড় এলাকায় সিরিজ চুরি

আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১০:০০
 
মেহেরপুরের গাংনী উপজেলা শহরের শিশিরপাড়া মোড় এলাকায় পৌর কাউন্সিলর সহ ৪ টি দোকানে চুরি সংগঠিত হয়েছে। সোমবার দিবাগত রাতের কোন এক সময় এ সিরিজ চুরির ঘটনা ঘটে। এ সব দোকান থেকে প্রায় লক্ষাধিক নগদ টাকা সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে  গেছে বলে জানিয়েছেন দোকান মালিকগণ।
 
জানা গেছে, গাংনী পৌর সভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমানের শিশিরপাড়া মোড় এলাকার সার কীটনাশকের দোকান ও নিজস্ব কার্যালয়ের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ টাকা ও বিভিন্ন অফিসিয়াল কাগজপত্র নিয়ে গেছে। এ সময় টেবিলের একটি ড্রয়ার নিয়ে গেছে চোরের দল। জালাল উদ্দীনের মুদি দোকান ও স্টোর রুমের সার্টারে লাগানো কয়েকটি তালা ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ টাকা, মোবাইলের রিচার্জ কার্ড, সিগারেটসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। একই কায়দায় বনবিভাগপাড়া এলাকার রাশেদুল ইসলামের মুদি দোকানের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এছাড়া মুকুলের হোসেনের সেলুনের দোকান, মোস্তাকিমের আল মদিনা স্টোরেও তালা ভেঙ্গে চুরির চেষ্টা চালিয়েছে চোরের দল।
 
গাংনী পৌর সভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান জানান, সকালে উঠে এলাকায় চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দোকানদারদের সাথে আলাপ চলছিলো। পরে আমার ব্যক্তিগত অফিসে এসে দেখি আমার নিজের অফিসের তালা ভাঙ্গা।
 
চুরির ঘটনায় বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান মানিক চুরি যাওয়া দোকানগুলি পরিদর্শন করেছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি চলছে।
 
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।