বিরাটের নামে মটোরোলার নতুন ফোন

আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১০:৪৫
বৈশ্বিক প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ বাজার ভারত। বিশেষ করে দেশটির স্মার্টফোন বাজার ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। সংশ্লিষ্ট বাজার এতটাই ক্রমবর্ধমান যে, ২০১৭ সাল শেষে যুক্তরাষ্ট্রকে টপকে স্মার্টফোনের দ্বিতীয় বড় বাজার হবে ভারত, এমনটাই মত বাজার বিশ্লেষকদের। আর এই দেশের বাজারে সাড়া জাগাতে ভিন্নধর্মী এক কৌশল বেছে নিয়েছে মটোরোলা। লেনোভো অধিকৃত স্মার্টফোন ব্র্যান্ডটি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির নামে একটি স্মার্টফোন বাজারে এনেছে।
 
বিরাট কোহলিকে সম্মান জানাতেই মূলত ‘মটো জি টার্বো বিরাট কোহলি এডিশন’ নামের এই ডিভাইস এনেছে মটোরোলা।
 
সম্প্রতি ভারতের বাজারে এই স্মার্টফোনটির বিক্রি শুরু হয়েছে। দু-একটি বৈশিষ্ট্য ছাড়া ‘মটো জি টার্বো’র সাথে ‘মটো জি টার্বো বিরাট কোহলি এডিশন’-এর খুব একটা পার্থক্য নেই।
 
নতুন ফোনটির বিশেষ ফিচারটি হল 'বিরাট এমব্লেম'। অর্থাৎ ফোনের ব্যাক সাইডে 'ভি' অক্ষরটি বিশেভাবে ডিজাইন করা থাকবে। মোবাইলটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর বিরাট ফ্যান বক্স অ্যাপটি। যার মূল্য ১৬ হাজার ৯৯৯ রুপি। এর মাধ্যমে সরাসরি যোগাযোগ করা যাবে ভারতের সেরা ব্যাটসম্যানের সঙ্গে। তার আরও কাছে পৌঁছে যাওয়ার এমন সুবর্ণ সুযোগ এর আগে কখনও পাননি বিরাট ভক্তরা। সেই সুযোগই করে দিচ্ছে মটো জি।
 
আগামী বছর মার্চ থেকে এই ফ্যান বক্স অপশনটি চালু হওয়ার কথা। কর্নারস্টোন স্পোর্টস কনসালট্যান্টস ও প্রাইভিপ্লেক্স ফ্যান বক্স উন্মোচন করেছে।
 
মটোরোলার পক্ষ থেকে এমন সম্মান পেয়ে আপ্লুত বিরাট। বলছেন, ‘ক্রিকেটার হিসেবে সমর্থকদের থেকে প্রচুর ভালবাসা পেয়েছি। নিজেকে সৌভাগ্যবান মনে হয়। বিরাট ফ্যান বক্সের মাধ্যমে আমি আমার ফ্যানেদের আরও কাছে পৌঁছে যেতে পারব।’
 
IMG0
 
এক বছরের সাবস্ক্রিপশনে ফ্যান বক্স ক্লাবের সদস্য হওয়া যাবে। ফ্যান বক্সটি খুলতেই কোহলির সই করা একটি চিঠি ও ব্যাট উপহার হিসেবে পাবেন এই অ্যাপ ক্লাবের সদস্যরা। স্মার্টফোনটির আগে দাম ছিল ১২ হাজার ৪৯৯ রুপি। নতুন করে বাজারে আসা ফোনটির জনপ্রিয়তা আকাশ ছোঁয়ায় দামও এক লাফে দু'হাজার রুপি বেড়ে গিয়েছে। ১৪ হাজার ৪৯৯ রুপিতে মিলবে এই বিশেষ ফোন। সূত্র- টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।