টেকনাফের শামসু বলী এবারের নতুন চ্যাম্পিয়ন

আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১১:৪১
চট্টগ্রামে শতবছরের ঐতিহ্যবাহী কুস্তি প্রতিযোগিতার আসর আব্দুল জব্বারের বলী খেলায় ১৫ বছরের রেকর্ডকে ভেঙে এবার নতুন চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের টেকনাফের শামসু বলী। 
 
সোমবার বিকালে নগরীর লালদীঘি ময়দানে জনপ্রিয় এ প্রতিযোগিতার ফাইনালে শামসু বলী ও গতবারের চ্যাম্পিয়ন রামুর দিদার বলীর মধ্যে চ্যালেঞ্জ বাউটের ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়। এ সময় কেউ কাউকে পরাস্ত করতে না পারলেও বিচারকদের বিবেচনায় কৌশলের দিক দিয়ে এগিয়ে থাকা শামসু বলীকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। দিদার বলী গত ১৫ বছর একটানা যৌথ অথবা এককভাবে চ্যাম্পিয়ন হয়েছেন। এর আগে প্রথম সেমি ফাইনালে দিদার বলী নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজারের হাবিবুর রহমান বলীকে এবং শামসু বলী ব্রাহ্মণবাড়িয়ার অলি বলীকে পরাস্ত করে ফাইনাল রাউন্ডে উন্নীত হয়।
 
এবছর জব্বারের বলী খেলার ১০৭তম আসরে দেশের বিভিন্ন স্থান থেকে ৭২ জন প্রতিযোগী সাধারণ বাউটে অংশগ্রহণ করেন। বিকাল ৪টায় উত্সবমুখর পরিবেশে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইকবাল বাহার। এবার প্রতিযোগিতায় স্পন্সর করে দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
 
অন্যান্য বছরের তুলনায় এবার প্রতিযোগিতাস্থলে ব্যাপক বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা লক্ষ্য করা যায়। সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থান বহিরাগতদের দখলে থাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মিডিয়াকর্মীরা ব্যাপক বিড়ম্বনার শিকার হন।
 
শেষে বিজয়ীদের মধ্যে নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করেন সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। কুস্তি প্রতিযোগিতা কমিটির সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রামীণফোনের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান এম শাওন আজাদ, প্রতিযোগিতা কমিটির সাধারণ সম্পাদক আবদুল জব্বার সওদাগরের পৌত্র মো. শওকত আনোয়ার বাদল প্রমুখ। প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন চসিকের সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবদুল মালেক। চ্যালেঞ্জ বাউটের চ্যাম্পিয়ন বলী শামসুকে ২০ হাজার টাকা এবং বিজিত দিদার বলীকে ১৫ হাজার টাকা নগদ প্রদান করা হয়। তাছাড়া সাধারণ বাউটের বিজয়ী বলীদের দেয়া হয় ১ হাজার টাকা করে।
 
আবদুল জব্বারের বলী খেলা উপলক্ষে গত রবিবার থেকে লালদীঘি ময়দান ও আশেপাশের এলাকাজুড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা।
 
আবদুল জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা উপলক্ষে লালদীঘি ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো অভিযোগ পুলিশকে জানানোর পরামর্শ দেয়া হয়েছে। মেলার তিনদিন কোতোয়ালি মোড় থেকে আন্দরকিল্লা মোড় পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।