নেত্রকোনার কেন্দুয়ায় জমিতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ইকবাল হোসেন খাঁ (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের চন্দলাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন উপজেলার রওশন ইজদানী একাডেমীর নবম শ্রেণির ছাত্র ও চন্দলাড়া গ্রামের সন্তোষ খাঁর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার চন্দলাড়া গ্রামের সন্তোষ খাঁর গরু একই গ্রামের হাসিম উদ্দিন মোড়লের ধানের জমিতে ঢুকে ধান খেলে দইুপক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এছাড়া গত শনিবার অনুষ্ঠিত স্থানীয় ইউপি নির্বাচন নিয়েও উভয়পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে এরই জের ধরে রাত নয়টার দিকে উভয়পক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে সন্তোষ খাঁর ছেলে ইকবাল হোসেন খাঁ মারাত্মক আহত হয়। আহতাবস্থায় ইকবাল হোসেনকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
