পাটগ্রামে ট্রেন ও কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৬:৪৪
 
লালমনিরহাটের পাটগ্রামে ট্রেন ও কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।
 
সকাল সাতটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান উপজেলার বাইপাস সড়কের অটোমিলের সামনে সাইকেল আরোহী নুর আলমকে (১৬) ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। সে স্টেশন পাড়া এলাকার ভ্যানচালক রহিদুল ইসলামের ছেলে।
 
অপরদিকে উপজেলার উফারমারা গ্রামের রফিকুল ইসলাম ইউপি সদস্যের ছেলে রিফাত হোসেন (১৫) তার মাসহ সকাল ১১টার দিকে বাড়ি থেকে বুড়িমারী যাওয়ার পথে পার্বতীপুরগামী ৬৬ নম্বর কমিউটার ট্রেনের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে গুরতর আহত হয়। তাকে প্রথমে পাটগ্রাম হাসপাতালে ও পরে রংপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। 
 
এ ব্যাপারে পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।