রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় মসজিদের এক ইমাম ও এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বাগমারার দরগামাড়িয়া জামে মসজিদের ইমাম রায়হান আলী (৩২) ও গোপালপুর মাদ্রাসার শিক্ষক মুনসুর রহমান (৪৮)। রায়হান আলীর বাড়ি বাগমারার তালঘরিয়া ও মুনসুরের বাড়ি একই উপজেলার খাজাপাড়া গ্রামে।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ভোরে বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
পুলিশ কমিশনার শামসুদ্দিন বলেন, অধ্যাপক রেজাউল কমির সিদ্দিকী তার নিজ গ্রাম দরগামাড়িয়ায় একটি গানের স্কুল প্রতিষ্ঠা করেছেন। কিন্তু তার গ্রামের মসজিদের ইমাম রায়হান আলী গান বাজনা পছন্দ করতেন না বলে বিরোধিতা করেন। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য রায়হানকে আটক করে নিয়ে আসা হয়েছে। আর সন্দেহভাজন হিসেবে খাজাপাড়ার বাসিন্দা মাদ্রাসা শিক্ষক মুনসুরকে আটক করা হয়েছে।
এর আগে গত শনিবার রাতে হাফিজুর রহমান নামের এক শিবির নেতাকে আটক করা হয়। সে হাফিজুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং মহানগরের ১৯ নম্বর ওয়ার্ড ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি।
শনিবার সকালে রাজশাহী নগরের শালবাগান এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে গলাকেটে হত্যা করা হয়।
