টুইটারে এক রিপোর্টে ব্লক হবে একাধিক প্ররোচণামূলক টুইট

আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৭:২৮
ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটারে প্রায়শই অনেকে হয়রানি বা প্ররোচণামূলক কনটেন্ট টুইট করে থাকেন। এতে সম্মানহানী হলেও সহজে প্রতিকার চাওয়ার সুযোগ পান না ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীরা। এই ঝামেলার অবসান হতে যাচ্ছে। নতুন একটি সেবা আনতে যাচ্ছে টুইটার, যার মাধ্যমে এক রিপোর্টেই ব্লক করা যাবে একাধিক প্ররোচণামূলক টুইট।
 
অনেক দিন ধরেই টুইটার ব্যবহার করে কট্টরবাদী মতবাদ সম-মনোভাবাপন্ন ব্যক্তিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল আইএস জঙ্গিরা। আবার কখনও অপমানজনক মতবাদ টুইটারের মাধ্যমে ছড়ানোর কথা শোনা যায়। দীর্ঘদিন ধরেই গ্রাহকদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে আসছিল টুইটার। আর এরই প্রেক্ষিতে নতুন সেবা আনতে যাচ্ছে সংশ্লিষ্টরা।
 
এ ব্যাপারে টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে একাধিক প্ররোচণামূলক বা অপমানজনক টুইট ব্লক বা ফ্ল্যাগ করার জন্য আর ব্যবহারকারীদের একাধিক ফ্ল্যাগ রিপোর্ট করতে হবে না। কোন কোন টুইট আপনি ব্লক করতে চান এবং কেন তা করতে চান এসব জানিয়ে দিন ওই একক রিপোর্টের মাধ্যমে। তাহলেই টুইটারের পক্ষে সেই ব্যবহারকারীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
 
শিগগিরই টুইটার ডটকম, অ্যান্ড্রয়েড অ্যাপ এবং আইওএস প্ল্যাটফর্মে এই সংক্রান্ত আপডেট দিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। সূত্র- দ্য ভার্জ ও নিউজ১৮ ডটকম।