এবার ভয় দেখিয়ে জয় করবেন রাধিকা

আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৫:০১
ভয় পেতে ভালোবাসে দর্শকরা। কিন্তু গত পাঁচ-দশ বছরের মধ্যে দর্শকদের ভয় দেখাতে ব্যর্থ বলিউড! 'ক্লিক' থেকে 'অ্যালোন', কোনো ছবিই ভূতপ্রেমী দর্শকের মনে ক্লিক করেনি। সাসপেন্স থ্রিলার দেখতে ইচ্ছে করলে দর্শকরা হলিউড ছবিকেই বেছে নেন। তবে এবার হয়তো সেই আক্ষেপ মেটাবে রাধিকা আপ্তের আসন্ন ছবি 'ফোবিয়া'। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। আর তা দেখেই তৃপ্ত আগ্রহীরা।
 
বলিউডে প্রথম সারির নায়িকাদের মধ্যে না থাকলেও অফ-বিট ছবিতে নিজের অভিনয় দিয়ে দর্শকদের বারবার মুগ্ধ করেছেন রাধিকা। এমনকি, সুজয় ঘোষের স্বল্প দৈর্ঘ্যের ছবি 'অহল্যা'তেও রাধিকার উপস্থিতি নজর কেড়েছে সবার। এবার 'ফোবিয়া' নিয়ে হাজির হচ্ছেন তিনি।
 
পবন ক্রিপলানির ছবির গোটা ট্রেলারে মূলত রাধিকাকেই দেখা যাবে। বলা যেতেই পারে, নায়িকা কেন্দ্রিক ছবি।
 
বিভিন্ন মানসিক রোগে আক্রান্ত মেহেক (রাধিকা) বাড়িতে একাই থাকেন। বাইরে বেরুতে ভয় পান। কিন্তু বাড়িতেও শান্তি নেই। যত দিন যায়, মেহেক অনুভব করেন তার সঙ্গে তার ঘরে আরও কেউ রয়েছেন! তারপর? সেটা জানতে অপেক্ষা করতে হবে ২৭ মে পর্যন্ত।