নাটোরের গুরুদাসপুরে হেরোইন বিক্রি ও সেবনের দায়ে নারীসহ ১১ জনকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। সোমবার গভীর রাতে পৌরসদরের মাদক ব্যবসায়ী মাসুদুর রহমান এপোলোর বাড়িতে ওই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গুরুদাসপুর বাজারস্থ ওই বাড়িতে একঘণ্টার অভিযানে মাদকের মদদদাতা ব্যবসায়ী এপোলো (৪৫), তার স্ত্রী ববিতা ওরফে ববি (৩০), শ্যালক গোলাপ আলী (২৮) ও ব্যবসায়ী রাব্বিকে (২৬) আটক করা হয়। এসময় ওই ব্যবসায়ীর শোয়ারঘর থেকে ৫ লাখ টাকা মূল্যের ৫০ গ্রাম হেরোইন ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতদের নামে গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। একই সঙ্গে রাজশাহীর লক্ষীপুর ঝাউতলার বাসিন্দা কাজেম আলীর স্ত্রী নুপুরকেও (৩০) ওই ব্যবসায়ীর বাড়িতে আটক করা হয়। মঙ্গলবার জিজ্ঞাসাবাদের পর নুপুরকে থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে।
একই রাতে চাঁচকৈড় বাজার এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হেরোইন সেবন এবং বিক্রি অবস্থায় ৭ জনকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে আটককৃত সাব্বিরের ৬, আবু সাইদের ৬ ও আসাদ ফকিরকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোছা. ইয়াছমিন আক্তার তার কার্যালয়ে ওই রায় দেন।
এ দিন বেলা ১২ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন পাড়ভেজের ভ্রাম্যমান আদালতে আটককৃত শাহিদ, শহিদুল ইসলাম, রুহুল আমিন, আনারুল ইসলাম ও উত্তম কর্মকারকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পরে সাজা প্রাপ্তদের নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া বিদ্যুৎ কুমারকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল প্রদান করা হয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ দীলিপ কুমার দাস বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তিনি এস আই সুব্রত কুমার মাহাতোসহ ১৫ সদস্যের দল নিয়ে ওই ব্যবসায়ীর বাড়িসহ চাঁচকৈড় বাজারের বিভিন্ন স্তানে অভিযান চালান। প্রতিদিন এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
