হাজারীবাগ থেকে ট্যানারিগুলোকে যৌক্তিক সময়ের মধ্যে সাভারের চামড়া শিল্পনগরীতে সরিয়ে নেওয়ার তাগিদ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সংগঠনটি বলেছে, ট্যানারি সরাতে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেয়ার সিদ্ধান্তটি ভুল ছিল।
‘ট্যানারি স্থানান্তরের পরিস্থিতি, সমস্যা ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাপা ওই সভার আয়োজন করে।
এতে চামড়া শিল্পনগরী প্রকল্পের পরিচালক আবদুল কাইউম, চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, ট্যানারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, ট্যানার্স অ্যাসোসিয়েশনের পরামর্শক সঞ্জয় কুমার ঠাকুর প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু গত মাসে ট্যানারি সরাতে একবার ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। এ বিষয়ে লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, তিনি হয়তো চাপ দেওয়ার জন্য এমন কথা বলেছিলেন। তবে সিদ্ধান্ত দায়িত্বশীল বা সঠিক ছিল না। সময় পেরিয়ে যাওয়ার পরে তেমন কিছু করাও হয়নি।
