খুলনায় চাঁদাবাজসহ গ্রেফতার ৩, চোরাই প্রাইভেটকার জব্দ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৮:১৪
খুলনায় একটি চোরাই প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নগরীর খালিশপুর হাউজিং স্টেট এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
 
অপরদিকে কিশোরীর অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে গোয়েন্দা পুলিশ এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর খালিশপুর হাউজিং স্টেটের এনাম ভিলার সামনে থেকে সন্দেহভাজন একটি সাদা রংয়ের প্রাইভেটকার আটক করে। এ সময় এর কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে বিআরটিএতে যাচাই করে গাড়ির রেজিস্ট্রেশন নম্বরেরও কোনো মিল পাওয়া যায়নি। এ সময় গাড়িতে থাকা সাকিবুল ওরফে তামিম (২৫) ও তারিকুজ্জামান ওরফে জজকে (২৬) গ্রেফতার করা হয়।
এ ঘটনায় নগরীর খালিশপুর থানায় মামলা হয়েছে। 
 
অপরদিকে অশ্লীল ছবি ইন্টানেটে প্রকাশের ভয় দেখিয়ে এক মেয়ের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে নগরীর শেখপাড়া এলাকা থেকে মঙ্গলবার দুপুরে ইউসুফ হোসেন ওরফে সজল (২০) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে। তিনি নগরীর শেখপাড়া কেসিসি গ্যারেজ কোয়াটারের বাসিন্দা। এ সময় তার সহযোগী মো. মিজান (১৯), নান্না (২০) ও রফিক (২০) পালিয়ে যায়।
 
এ ঘটনায় ওই কিশোরীর বাবা সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেছেন।
 
নগর গোয়েন্দা শাখার এসআই বদরুজ্জামান জানান, জব্দকৃত গাড়ি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর এবং গ্রেফতারদের কারাগারে পাঠানো হয়েছে।