পীরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত অর্ধশতাধিক

আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৮:৩৭
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থকদের সংঘর্ষে অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন।
 
মঙ্গলবার হাজীপুর ইউনিয়নের শাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা আড়াইটার দিকে নব নির্বাচিত জাতীয় পার্টির চেয়ারম্যন সিদ্দিকুর রহমানের বিজয় মিছিলকে কেন্দ্র করে পরাজিত আওয়ামী লীগের প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থকদের মধ্যে বাক্বিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কমপক্ষে অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। এ সময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
নব-নির্বাচিত চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের পরাজিত প্রার্থী আমার বিজয় মেনে নিতে না পেরে এ হামলা চালিয়েছে।’
 
পরাজিত আওয়ামী লীগের প্রার্থী জয়নাল আবেদীন বলেন, ‘জাতীয় পার্টির প্রার্থীর লোকজন আগে আমাদের উপর হামলা চালিয়েছে। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে।’
 
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।