চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুটি ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ চার চেয়ারম্যানকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাচন অফিসার কায়সার মোহাম্মদ জানান, সোমবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউপি নির্বাচনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফাজ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুর্লভপুর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেনকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন।
অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বজলার রশিদ সোনুকে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ও একই গাড়িতে দ্বিগুন লোকজন উঠানোর দায়ে এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
অন্যদিকে নয়ালাভাঙ্গা ইউনিয়নের ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হককে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। একই বিধিমালা অনুযায়ী একই এলাকায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তাকুল ইসলাম পিন্টুকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এ সময় মনাকষা ও দূলর্ভপুর ইউনিয়নের রিটার্নিং অফিসার শাহীনুল হক, নয়ালাভাঙ্গা ও ছত্রাজিতপুর ইউনিয়নের রিটার্নিং অফিসার বরুন কুমার মন্ডল উপস্থিত ছিলেন।
