তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'সরকার ক্যাবল টিভি নেটওয়ার্ককে সন্ত্রাসমুক্ত রাখবে।' এ সংক্রান্ত কোন অনিয়ম সহ্য করা হবেনা উল্লেখ করে তিনি বলেন, 'প্রচলিত আইন ও বিধি বিধান অনুসরণ করে সুষ্ঠুভাবে নেটওয়ার্ক পরিচালনায় কোনো বাধা নেই।'
মন্ত্রী মঙ্গলবার বিকালে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মেগানেট ক্যাবল টিভির পরিচালক মীর হোসাইন আখতারের নেতৃত্বে ২০ সদস্যের ক্যাবল অপারেটরদের একটি দলের মতবিনিময়কালে এ কথা বলেন।
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) শাহজাদী আঞ্জুমান আরা, যুগ্ম-সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে ক্যাবল অপারেটরবৃন্দ নেটওয়ার্ক পরিচালনায় সন্ত্রাসের সম্মুখীন হওয়া, নতুন ডিজিটাল সেট টপ বক্স প্রচলনের অনিশ্চয়তা ও ব্যবসায়িক ক্ষতির সংশয় ও ক্যাবল নেটওয়ার্কের আওতার মধ্যে নিজস্ব টেলিভিশন চ্যানেল প্রচারের দাবি তুলে ধরে বলেন, 'আমরা নতুন ডিজিটাল পদ্ধতি প্রবর্তনের পক্ষে, কিন্তু তাতে করে কোন আইনানুগ ব্যবসায়ি যেন ক্ষতির সম্মুখীন না হন, সেদিকে দৃষ্টি দিতে হবে।'
তথ্যমন্ত্রী তাদের সর্বোতভাবে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, 'ক্যাবল নেটওয়ার্কের আওতার মধ্যে নিজস্ব টেলিভিশন চ্যানেল সম্প্রচারের বিষয়ে নীতিমালা তৈরির ক্ষেত্রটি বিবেচনা করবেন।'
