ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় ম্যাচেও হেরেছে মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্র। মঙ্গলবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করে প্রাইম দোলেশ্বর। মাশরাফি-রাজ্জাকদের বিপক্ষে ব্যাটিং করে প্রাইম দোলেশ্বর ২৮৭ রান সংগ্রহ করে। জবাবে ২৮৩ রানে গুটিয়ে যায় কলাবাগান।
দলের পক্ষে সর্বোচ্চ ৯৭ রান আসে নাসির হোসেনের ব্যাট থেকে। তিনি ৭৫ বলে ১১ চার ও এক ছয়ে তার ইনিংসটি সাজিয়েছিলেন । নাসির ছাড়াও আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া ওপেনার ইমতিয়াজ হোসেন ৭৩ রানের ইনিংস খেলেন। অন্য ব্যাটসম্যানদের মধ্যে ফরহাদ রেজা ৪৭ ও রকিবুল হাসান ৩৪ রান করেছেন।
কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন মাশরাফি মুর্তুজা। তিনি ৯ ওভারে ৫০ রান দিয়েছেন তিনি। এছাড়া আব্দুর রাজ্জাক ও দেওয়ান সাব্বির দুটি করে উইকেট নিয়েছেন।
২৮৮ রানের জবাবে খেলতে নেমে ধীর-স্থির শুরু করে কলাবাগান ক্রীড়া চক্র। ওপেনিং জুটিতে ৫৭ রান আসে তাদের। সাদমান ১৭ রানে আউট হলে ক্রিজে নামেন মাসাকাদজা। কিন্তু তিনিও ৬ রান করে রান আউটের শিকার হন। এরপর ভালো খেলতে থাকা তাসামুল হকও ৪৪ রান করে রান আউটের শিকার হয়েছেন। কলাবাগানের ইনিংস টেনে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মেহরাব হোসেন জুনিয়র। তার ইনিংসেই জয়ের স্বপ্ন দেখছিলো কলাবাগান। তিনি ৮৬ রান করে দূর্ভাগ্যজনক রান আউট হয়েছেন। ৮৭ বলে ৯ চার ও এক ছয়ে তিনি তার ইনিংসটি সাজিয়েছেন। শেষ পর্যন্ত কলাবাগান নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৩ রান সংগ্রহ করে।
শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিলো মাশরাফিদের। কিন্তু শেষ তিন বলে দুটি করে রান নিতে গিয়ে কলাবাগন ক্রীড়া চক্রের তিন ব্যাটসম্যান রান-আউট হলে জয়ের কাছাকাছি গিয়েও হারের মুখ দেখতে হয়েছে কলাবাগানকে। শেষ পর্যন্ত ৪ রানের জয় তুলে নেয় প্রাইম দোলেশ্বর।
প্রাইম দোলেশ্বরের বোলারদের মধ্যে রাহাতুল ফৌরদোস একাই নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া ফরহাদ রেজা একটি উইকেট নিয়েছেন।
