কল্যাণপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কলেজ শিক্ষার্থী খুন

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ০৮:২৪
 
রাজধানীর কল্যাণপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক যুবক খুন হয়েছেন। তার নাম হেলিশন ত্রিপুরা (২১)। বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায়। বাবার নাম দশরথ ত্রিপুরা। হেলিশন মোহাম্মদপুরে হাজী মকবুল হোসেন কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
 
হেলিশনের বন্ধুরা জানান, শ্যামলীর একটি মেসে হেলিশন থাকতেন। মঙ্গলবার সন্ধ্যায় হেলিশন কল্যাণপুরের তার বন্ধুর মেসে যান। রাত ১১ টার দিকে ঐ মেসের গলিতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার কাইয়ুমুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান বলেন, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ইট দিয়ে থেঁতলিয়ে তাকে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।