নাঙ্গলকোটে ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৪:২৩
 
কুমিল্লার নাঙ্গলকোটে ট্রাক্টরের চাপায় ফাহাদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে নিহত শিশুর বোন মরিয়ম (৫)। বুধবার সকালে উপজেলার মাহেনী-বাঙ্গড্ডা সড়কের চৌগুরী পাড়ায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করে পুলিশে দিয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পেরিয়া ইউপির দৌলতপুর গ্রামের মাসুদ মিয়া তার দুই শিশুকে নিয়ে সাইকেল যোগে রায়কোট ইউপির শ্রীরামপুর গ্রামে শ্বশুর বাড়ি যাচ্ছিল। এ সময় মাহেনী-বাঙ্গড্ডা সড়কের চৌগুরী পাড়ায় অতিক্রম কালে মাটি বহনকারী একটি ট্রাক্টর তার সাইকেলকে চাপা দেয়। এতে সাইকেলে বহন করা তার দুই শিশু গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষণা করেন। আহত মরিয়ম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
 
নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম আলদ্বিন বলেন, 'লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।'