আল-কায়েদার দাবির বিষয়ে নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৮:২৩
 
ইউএসএআইডি কর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয় হত্যাকান্ডে আল-কায়েদা ভারতীয় উপমহাদেশ (একিউআইএস) শাখার দায় স্বীকারের যে খবর প্রকাশিত হয়েছে, তার সত্যতা সম্পর্কে এখনও নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র।
 
স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র মার্ক টোনার বলেন, এ বিষয়ে নিশ্চিত হওয়ার মতো কোনো কারণ এখনো আমরা পাইনি। এটাই যে তাদের হত্যার কারণ নয়, এটা মনে করার কোনো কারণও আমরা দেখছি না।
 
সোমবার রাজধানী কলাবাগানের বাসায় ঢুকে ইউএসএইডের কর্মকর্তা ও সমকামীদের অধিকার নিয়ে প্রতিষ্ঠিত ‌'‌রূপবান' এর সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করা হয়।
 
মঙ্গলবার টুইটারে আল-কায়েদা ভারতীয় উপমহাদেশের (একিআইএস) কথিত বাংলাদেশ শাখা ‘আনসার আল ইসলাম’ এই হত্যাকান্ডের দায় স্বীকার করে।