সালাহ আবদেসলামকে ফ্রান্সের হাতে তুলে দিল বেলজিয়াম

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৫:৪৫
প্যারিস হামলার সন্দেহভাজন সালাহ আবদেসলামকে ফ্রান্সের হাতে প্রত্যর্পণ করেছে বেলজিয়াম। চার মাস পলাতক থাকার পরে গত ১৮ মার্চ নাটকীয়ভাবে ব্রাসেলস থেকে আহত অবস্থায় তাকে আটক করা হয়েছিল।
 
২৬ বছর বয়সী আবদেসলাম ফরাসি নাগরিক, তবে তার জন্ম হয়েছিল ব্রাসেলসে। প্যারিস হামলার আগে তিনি ব্রাসেলসেই থাকতেন। গত বছরের ১৩ নভেম্বর তথাকথিত ইসলামিক স্টেটের হামলায় ১৩০ জন নিহত হয়। বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর বুধবার সকালে এক বিবৃতিতে বলেছেন, সালাহ আবদেসলাম আজ সকালে ফরাসি কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে। 
 
এটা অবশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি যে তাকে ফ্রান্সের কোথায় নিয়ে যাওয়া হয়েছে। সালাহ আবদেসলামের বিরুদ্ধে বেলজিয়ান কর্তৃপক্ষ ব্রাসেলসের ফরেস্ট এরিয়াতে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় অভিযুক্ত করে। আবদেসলাম পুলিশের হাতে আটক হওয়ার দুই দিন আগে ঘটা এই ঘটনায় ৪ পুলিশ আহত হয়েছিল। বিবিসি।