উপজেলায় কবর স্থানের জায়গা নিয়ে মারামারিতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। জানা গেছে, ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে আফছার আলীর সাথে একই গ্রামের নবি বকশের ছেলে নুরুল ইসলামের দীর্ঘদিন থেকে কবর স্থানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
বুধবার সকালে নুরুল ইসলাম লাঠি সোটা, ধারালো অস্ত্রসহ কিছু সংখ্যক সন্ত্রাসী বাহিনী নিয়ে কবর স্থানের জায়গা দখল নিতে গেলে আফছার আলীর লোকজন বাঁধা দেয়। এতে দু-পক্ষের মধ্যে মারামারি বাঁধলে উভয়পক্ষের ২০ জন আহত হয়। আহতরা হলেন- আফছার আলী, আনিছুর রহমান, আব্দুল মালেক, আব্দুল করিম, আল-আমিন, দুলা মিয়া, ওয়াহেদ আলী, ফিরোজ মিয়া, ছামিউল ইসলাম, মুকুল মিয়া, নুরুল মিয়া, আঙ্গুর মিয়া, আশরাফুল ইসলামসহ ২০ জন আহত হয়।
এদের মধ্যে আশরাফুল, আফছার আলী, আনিছুর রহমান ও আব্দুল মালেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মোবাইল ফোনে আমাকে অবগত করা হয়েছে আহতরা রংপুর ও সুন্দরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
