নোয়াখালীর হাতিয়া উপজেলায় ইউপি নির্বাচন পরবর্তী সংঘর্ষে গুলিবিদ্ধ আবু তাহের ১০ দিন পর মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে আসামিদের গ্রেফতারের দাবিতে হাতিয়া উপজেলা সদরে এক প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গত ১৭ এপ্রিল হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মী ফারুকের বাড়িতে নৌকা মার্কার বিজয়ী প্রার্থীর কর্মীরা হামলা চালায়। এতে আবু তাহেরসহ (৬০) চারজন গুলিবিদ্ধ হন এবং আরো ছয়জন ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হয়। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আবু তাহেরের অবস্থার অবনতি দেখে ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যায়।
হামলায় গুলিবিদ্ধ আহত ফারুক জানায়, ১৮ এপ্রিল তার বাবা আবু তাহের ওরফে আবদুল্যাহ বাদী হয়ে হাতিয়া থানায় মামলা দায়ের করলেও ওসি মামলাটি গ্রহণে অপারগতা প্রকাশ করেন এবং চিহ্নিত দুইজন আসামিকে বাদ দেয়ার পর তিনি মামলাটি গ্রহণ করেন।
