অধ্যাপক শফিউল হত্যা মামলার প্রধান আসামির আত্মসমর্পণ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৭:৫৬
 
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছেন। দীর্ঘ দেড় বছর পলাতক থাকার পর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি রাজশাহী মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক মোকসেদা আজগর তার জামিন আবেদন নামঞ্জুর করে দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৫ নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকার নিজ ভাড়া বাড়ির সামনে চাপাতির কোপে নৃশংসভাবে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলন। ওই দিন সন্ধ্যায় ঘটনার ৫ ঘণ্টার মাথায় ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে আনসার আল ইসলাম বাংলাদেশ-২ নামে একটি সংগঠনের নামে অধ্যাপক লিলন হত্যার ‘দায় স্বীকার’ করা হয়। পরের দিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর এন্তাজুল হক অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন।