বাকৃবিতে ছাত্রলীগের নেতার বিরুদ্ধে দোকানিকে পেটানোর অভিযোগ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৮:০১
 
টাকা ছাড়া এসাইনমেন্ট প্রিন্ট না দেয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ফটোকপির দোকানিকে এক ছাত্রলীগ নেতা পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের কামাল-রঞ্জিত (কেআর) মার্কেট এলাকায় ওই ঘটনা ঘটে।
 
জানা যায়, মঙ্গলবার দুপুরে কেআর মার্কেটে অবস্থিত বেস্ট কম্পউিটার এন্ড ফটোকপি নামক দোকানে রাজিয়া নামক এক মেয়েকে টাকা ছাড়া এসাইনমেন্ট সিট প্রিন্ট করার জন্য পাঠায় প্রতিক রাউত অমি। অমি শামসুল হক হলের ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক। প্রথমে ওই মেয়েকে টাকা ছাড়া প্রিন্ট দিতে অস্বীকার করলেও পরে দেয় ওই দোকানদার। ওই দিন সন্ধ্যার দিকে এক সহযোগী সহ দোকানে আসে অমি। এসময় দোকানদারের সিট দিতে না চাওয়ার কারণে তাকে বাইরে বের করে আনে তারা। এক পর্যায়ে ওই দোকানদারকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। এসময় ওই হলের আরো কয়েকজন ছাত্রলীগ নেতাও তাদের সাথে যোগ দেয়।
 
এ বিষয়ে দোকানদার লাবিব হাসান বলেন, অমি গত এক বছর ধরে আমার দোকান থেকে কোন টাকা ছাড়াই ফটোকপি করে। মাঝে আমি অস্বীকৃতি জানালে সে ক্ষিপ্ত হয়ে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। এসব কারে সে আমার উপর হামলা করেছে।
 
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা অমি বলেন, ওই দোকানদার ফেসবুক থেকে আমাদের ক্লাসের মেয়েদের ছবি নিয়ে তাদেরকে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করে। তাই আমি তাকে এগুলো না করার জন্য নিষেধ করতে গিয়েছিলাম। তাকে কোন ধরনের মারধর করিনি।
 
এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম জাকির হোসেন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে। অভিযোগের প্রমাণ পেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।