পুনরায় সমাহিত করা হল নেরুদার দেহাবশেষ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৯:১৭
নোবেল পুরস্কার জয়ী চিলির কবি পাবলো নেরুদার দেহাবশেষ পুনরায় সমাধিস্ত করা হয়েছে। কবির মৃত্যুরহস্য উদ্ঘাটনের লক্ষ্যে তিন বছর আগে কবর থেকে তার দেহাবশেষ তোলা হয়েছিল।
 
নেরুদাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়ে থাকতে পারে অভিযোগে ২০১১ সালে চিলি সরকার তদন্ত শুরু করে। সে কারণে ২০১৩ সালের এপ্রিলে তার দেহাবশেষ কবর থেকে তোলা হয়। কবির দেহাবশেষ পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল আগামী মাসে প্রকাশ করা হবে বলে জানা গেছে।
 
নেরুদাকে বিষ প্রয়োগ করা হয়েছিলো বলে সন্দেহ করে চিলির কমিউনিস্ট পার্টি। আর এ লক্ষ্যে কবর থেকে তার দেহাবশেষ তুলে পরীক্ষার দাবি জানিয়েছিল তারা।
 
নেরুদা ১৯৭৩ সালের ২৩ সেপ্টেম্বর চিলির রাজধানী সান্তিয়াগোতে মারা যান। তার মৃত্যুর ১২ দিন আগে রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বামপন্থী প্রেসিডেন্ট সালভাদর আলেন্দেকে সরিয়ে চিলির ক্ষমতা দখল করেন জেনারেল আগুস্তো পিনোশে।
 
বিশ্বব্যাপী প্রবল জনপ্রিয় কবি পাবলো নেরুদা আজীবন চিলির কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। তিনি একজন আইনজীবী ও একজন সফল কূটনীতিকও ছিলেন। বিশ্বসাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান গণমানুষের কবি পাবলো নেরুদা। সূত্র: বিবিসি