কেশবপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ওপর হামলা

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৯:৫৫
 
যশোরের কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় বিদ্রোহী প্রার্থী কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আফসারউদ্দীন গাজী গুরুতর আহত হয়েছেন। তিনি কেশবপুর উপজেলা বাস-মিনিবাস ও ট্রাক মালিক সমিতিরও সভাপতি।
 
হামলার প্রতিবাদে মালিক সমিতি উপজেলা সদরে ২ ঘন্টারও বেশি সময় সড়ক অবরোধ করে রাখে। পরে র্যাব ও পুলিশ হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে বেলা ২টায় অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, আফসারউদ্দীন গাজী সকাল ৮টার দিকে আলতাপোলের ২৩ মাইল নামক স্থানে গণসংযোগ করছিলেন। এ সময় ‘নৌকা’ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেনের বড় ভাই জামালউদ্দীন তার লোকজনকে সাথে নিয়ে আফসারউদ্দীন গাজীর ওপর চড়াও হন। লাঠিসোটা ও কিল-ঘুষিতে তাকে বেদম প্রহার করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
 

এদিকে আফসারউদ্দীন গাজীর ওপর হামলার প্রতিবাদে কেশবপুর উপজেলা বাস-মিনিবাস ও ট্রাক মালিক সমিতি বেলা সাড়ে ১১টায় যশোর-সাতক্ষীরা সড়ক অবরোধ করে। এতে যশোরের সাথে সাতক্ষীরা এবং চুকনগর হয়ে খুলনায় চলাচলকারী সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রচ্ল গরমে নারী-শিশুসহ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসের পর বেলা ২টায় অবরোধ তুলে নেয়া হয়। রাত পৌনে ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের আটকে অভিযান অব্যাহত রেখেছে। আহত আফসারউদ্দীন গাজীর ছেলে ফারুক হোসেন পিতার হত্যা চেষ্টার অভিযোগ এনে কেশবপুর থানায় মামলা করেছেন।