রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ২১:০২
রাজধানীতে বুধবার সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। তাদের মধ্যে রাজধানীর জিগাতলা এলাকায় বাসের চাপায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী শহীদ মিয়ার (৫০) এবং বনানী রেলক্রসিং ফ্লাইওভারের ওপরে গাড়ি চাপায় অজ্ঞাত এক নারীর (৪০) ও  মতিঝিল এলাকায় বাসের ধাক্কায় শামছুর রহমান (৫০) নামের অপর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শামছুর রহমান ওই এলাকায় ভিক্ষা করতেন। তার গ্রামের বাড়ি বগুড়ায়।
 
রাজধানীর জিগাতলা এলাকায় বুধবার ভোরে বাসের চাপায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী শহীদ মিয়া গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন এক শিক্ষার্থী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল পীরজঙ্গি মাজার এলাকায় শামছুর রহমান (৫০) রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামীর একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
 
অন্যদিকে ক্যান্টনমেন্ট থানার এসআই মনিরুল ইসলাম জানান, ভোরে বনানী রেলক্রসিং ফ্লাইওভারের ওপরে গাড়ি চাপায় অজ্ঞাত এক নারীর (৪০) মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।