বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে নৌকা ডুবি: দাদার লাশ উদ্ধার নাতি নিখোঁজ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ২৩:৫১
বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ট্রলারের ধাক্কায় নৌকা ডুবিতে দাদা ও নাতি নিহত হয়েছে। এদের মধ্যে দাদার লাশ উদ্ধার করা সম্ভব হলেও নাতি মাহিন (৬) নিখোঁজ রয়েছে। জানা গেছে বুধবার সন্ধ্যার পরে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণকাঠি গ্রামের চা দোকানী আনোয়ার হোসেন(৫৫), তার স্ত্রী সালেহা ও নাতি মাহিনকে নিয়ে সলিয়াবাকপুর ইউনিয়নের খোদাবখশা গ্রামে ভায়রার বাড়ি বেড়াতে যান। বেড়ানো  শেষে নিজে নৌকা চালিয়ে ব্রাহ্মণকাঠিতে ফেরার সময় সন্ধ্যা নদীর খেজুরবাড়ি এলাকায় পোঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের ধাক্কায় তাদের নৌকা ডুবে যায়।
জেলে সহ নদীর তীরের লোকজন আহত অবস্থায় সালেহাকে জীবিত ও তার স্বামী আনোয়ার হোসেনের মৃতদেহ উদ্ধার করে। কিন্তু তাদের নাতি মাহিন এখনো নিখোঁজ রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তবে ঘাতক ট্রলারটিকে আটক করতে পারেনি।

ওসি জিয়াউল আহসান জানান নিখোঁজ মাহিনকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে। মাহিন ব্রাহ্মণকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। এদিকে নৌকা ডুবিতে নিহত ও নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের স্বজনদের আহাজারীতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। নিখোঁজ মাহিনকে তার বাবা-মা সহ স্বজনরা নদীতে খুঁজে ফিরছে।