তিন ফরম্যাটেই নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন

আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৪:৪৫
টেস্ট,ওয়ানডে, টি-টোয়েন্টি- ক্রিকেটের তিন ধরনের ফরম্যাটেই  নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক হিসেবে তারকা ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের নাম ঘোষণা করা হয়েছে। সদ্য অবসরে যাওয়া ব্রেন্ডন ম্যাককালামের স্থলাভিষিক্ত হবেন উইলিয়ামসন।
 
দীর্ঘদিন ম্যাককালামের ছত্রছায়ায় কিউই দলে সার্ভিস দিয়েছেন উইলিয়মাসন। ইতোমধ্যেই কয়েকটি ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের নেতৃত্বও দিয়েছেন। এ প্রসঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, বেশ কিছুদিন যাবতই কেন দলকে নেতৃত্ব দিয়েছেন এবং ইতোমধ্যেই এই দায়িত্বে নিজের দক্ষতারও পরিচয় দিয়েছেন। মাঠ ও মাঠের বাইরে তার ক্রিকেটীয় পেশাদারিত্ব সতীর্থদের মধ্যে দারুণ প্রভাব ফেলেছে। এছাড়াও তার ক্রিকেটীয় মেধাও চমৎকার।
 
ফেব্রুয়ারিতে অবসরে যাওয়া ম্যাককালামের অর্জন একসময় নিজের করে নিতে চান উইলিয়ামসন। এমনটাই দাবী জানিয়েছেন বর্তমানে আইপিএল খেলতে ভারতে থাকা নতুন এই কিউই টেস্ট অধিনায়ক। এক বিবৃতিতে তিনি বলেছেন, এটা সত্যিই অনেক বড় একটি সম্মান। আমি বিশ্বাস করি এই দলটি আরো অনেক কিছুই অর্জন করবে। 
 
সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলা নিউজিল্যান্ডের পারফরমেন্স সকলের দৃষ্টি কেড়েছে। বিশেষ করে উইলিয়ামসনের নেতৃত্বে দলের স্পিনাররা যেভাবে নিজেদের মেলে ধরেছেন তা দারুণ প্রশংসিত হয়েছে। চাপের মধ্যে শান্ত থাকার দারুণ এক মানসিকতা সম্পন্ন উইলিয়মাসনের আন্তর্জাতিক অভিষেক হয় ২০১০ সালে ভারতের বিপক্ষে। গত বছর দুর্দান্ত ব্যাটিংয়ের সাহায্যে ২৬৯২ রান সংগ্রহ করায় চলতি মাসে উইজডেন অ্যালমানাকস লিডিং ক্রিকেটার খেতাবে ভূষিত হয়েছেন তিনি। কিংবদন্তি কিউই ব্যাটসম্যান মার্টিন ক্রো মারা যাবার কিছুদিন আগে নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে উইলিয়ামসনের নাম বলে গেছেন।
 
৪৮ টেস্টে ইতোমধ্যেই ৪৯.২৩ গড়ে ১৩টি সেঞ্চুরি করেছেন উইলিয়ামসন। ৯৩ ওয়ানডেতে তার ব্যাটিং গড় ৪৭.০০। গত বছর ওয়েলিংটনে শ্রীলংকার বিপক্ষে ক্যারিয়ার সেরা ২৪২ রানে হার না মানা ইনিংস উপহার দিয়েছিলেন। কোচ মাইক হেসন বিশ্বাস করেন অধিনায়কের দায়িত্ব উইলিয়ামসনের পারফরমেন্সে কোন প্রভাব ফেলবে না।  আগামী আগস্টে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে ব্ল্যাক ক্যাপসদের পরবর্তী মিশন শুরু হচ্ছে।