আব্দেসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৭:৫৯
প্যারিস হামলার সন্দেহভাজন সালাহ আব্দেসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ এনেছে ফ্রান্স। বেলজিয়াম থেকে প্রত্যর্পণ করার কয়েক ঘণ্টার মধ্যে গত নভেম্বরে ১৩০ জন মানুষের হত্যাকাণ্ডের নেপথ্যে থাকার অভিযোগে অভিযুক্ত হলেন আব্দেসলাম।
 
বেলজিয়ামে জন্ম নেয়া আব্দেসলাম একজন মরক্কো বংশোদ্ভূত ফরাসি নাগরিক। ধারণা করা হয়, প্যারিস হামলাকারীদের মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি আব্দেসলাম। বেলজিয়ামে গত ২০ মার্চ নাটকীয়ভাবে আটক হন আব্দেসলাম। বুধবার বেলজিয়াম ফ্রান্সের হাতে তুলে দেয়ার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার দেখিয়ে প্যারিসের একটি আদালতে নেয়া হয়। আব্দেসলামের কৌসুলি ফ্রাঙ্ক ব্রেটন বলেছেন, তার বিরুদ্ধে হত্যা, জঙ্গি সংগঠনের সঙ্গে সংযোগ, অস্ত্র ও বিস্ফোরণ রাখা এবং বাটাক্ল কনসার্ট হলে হামলার অভিযোগ রয়েছে। এই কনসার্ট হলে ৯০ জন মানুষকে হত্যা করা হয়েছিল।
 
মে মাসের ২০ তারিখ তার আরেকটি শুনানির দিন ধার্য করা হয়েছে। ব্রেটন জানিয়েছেন আব্দেসলামকে প্যারিসের বাইরে ফ্লেউরি মেরোগিস কারাগারে রাখা হয়েছে। ফ্রান্সের বিচারমন্ত্রী জ্য জ্যাকস উরোভাস বলেছেন, আব্দেসলামকে আলাদা সেলে কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তারক্ষীদের প্রহরায় রাখা হবে। এএফপি।