গুলশান লেকে সাত থেকে আটটি সেতু নির্মাণের পরিকল্পনা

আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৭:৩৫
 
যাতায়াতের সুবিধায় ঢাকার গুলশান লেকের উপর সাত থেকে আটটি সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বৃহস্পতিবার হাতিরঝিল প্রকল্পের গুলশান-বাড্ডা লিংক রোডে হাতিরঝিল-গুলশান লেকের সংযোগস্থলে নির্মিত সেতু উদ্বোধন করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন একথা জানান।
 
মন্ত্রীকে উদ্ধৃত করে পূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুলশান লেকের উপর সেতুগুলো নির্মিত হলে মানুষ সহজেই এপাড় থেকে ওপার চলাফেরা করতে পারবে। এছাড়া সৌন্দর্যবর্ধন ও প্রকৃত লেক হিসেবে গড়ে তুলতে গুলশান লেক খনন ও এর সংস্কার কাজ করা হচ্ছে।
 
হাতিরঝিল-গুলশান লেকের সংযোগস্থলে ৯৩ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে খরচ হয়েছে সাত কোটি টাকা। এই সেতু নির্মাণের ফলে মেরুল বাড্ডার সঙ্গে হাতিরঝিলের সরাসরি যোগাযোগ এবং গুলশান লেকের ওয়াকওয়ের সঙ্গেও সংযোগ স্থাপিত হল। নতুন এই সংযোগ সেতুটি খুলে দেওয়ায় বাড্ডা ও গুলশান এলাকার ট্রাফিক জ্যাম কমে আসবে বলে আশা করছে পূর্ত মন্ত্রণালয়।