তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-জামায়াতের ছায়ার তলে জঙ্গিবাদ ও গুপ্তহত্যার আস্তানা। তাই জঙ্গিবাদ দমনের পাশাপাশি বিএনপি ও জামায়াতকে বর্জন করতে হবে।’
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ঢাকা মহানগরী শাখার আয়োজনে ধর্মীয় জঙ্গিবাদের হাতে ধারাবাহিক হত্যাকাণ্ড প্রতিরোধ এবং হত্যাকারীদের বিচারের দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, জঙ্গিবাদ এবং গুপ্তহত্যাকারী দুই জমজ দানব। তারা মানবতার শত্রু, ধর্ম ও গণতন্ত্রের শত্রু। এরা দেশের সাংবিধানিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এরা গণতন্ত্র বিরোধী, আইনবিরোধী।
ইনু বলেন, এই গুপ্তহত্যার একটা অতীত আছে। খালেদা জিয়ার শাসনামলে এ সন্ত্রাসবাদ জঙ্গিবাদ ও গুপ্তহত্যার আমদানি ঘটে বাংলাদেশে।
তথ্যমন্ত্রী বলেন, অতীতে সামরিক শাসক এবং পরবর্তীতে বিএনপি-জামায়াত জোট দেশে বিচারহীনতার সংস্কৃতির চর্চা করে। যারা একাত্তর এবং পঁচাত্তরের খুনি তারাই লেখক, ব্লগার, পাদ্রি, মসজিদের মোয়াজ্জিম হত্যাকারী। দেশকে জঙ্গিবাদমুক্ত করতে জঙ্গিবাদ ও গুপ্তহত্যাকারীদের পাহারাদার খালেদা জিয়াকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে বলেও উল্লেখ করেন জাসদের এই নেতা।
মহানগর জাসদ নেতা নুরুল আখতারের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন শিরিন আখতার এমপি প্রমুখ।
