শুদ্ধ বানান শেখানোর প্রশিক্ষণ কর্মশালা

আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৯:৫২
শুদ্ধভাবে বাংলা লিখতে বানান শেখানোর উদ্যোগ নিয়েছে সৃজনশীল প্রকাশনা সংস্থা বাংলাদেশ রাইটার্স গিল্ড।
 
রবিবার সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রকাশন সংস্থাটির উদ্যোগে বিশ্বসাহিত্য কেন্দ্রে প্রশিক্ষণ কর্মশালাটি  অনুষ্ঠিত হবে। এতে প্রশিক্ষক হিসেবে শুদ্ধ বানান চর্চার (শুবাচ) উপদেষ্টা এবং খ্যাতিমান শিক্ষাবিদ ও প্রাবন্ধিক ড. হায়াৎ মামুদ উপস্থিত থাকবেন।
 
এতে অন্যান্যের মধ্যে প্রশিক্ষক হিসেবে শুবাচ-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ড. মোহাম্মদ আমিন, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক ডেপুটি ডিরেক্টর জেনারেল (ডিডিজি) ফরিদুর রহমান এবং লেখক ও গবেষক খোন্দকার শাহিদুল হক উপস্থিত থাকবেন ।
 
কর্মশালায় বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম, বানানের সাধারণ অপরিবর্তনীয়তা, ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব, তদ্ভব, দেশি, বিদেশি, ও মিশ্র শব্দ, যতিচিহ্নের ব্যবহার প্রভৃতি শেখানো হবে। বাড়তি সুবিধা হিসেবে প্রশিক্ষণ চলাকালীন সকালের নাস্তা ও দুপুরের খাবারের ব্যবস্থাও থাকছে।
 
কর্মশালায় অংশগ্রহণ ফি ৩০০ টাকা মাত্র। যা ০১৯১৩৩৩৬১২৭-নাম্বারে বিকাশ করে পাঠানো যাবে। ৩০ এপ্রিল পর্যন্ত আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন।