ডিপিএলে ব্রাদার্সের জয়

আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ২০:০৩
চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম জয় পেল ব্রাদার্স ইউনিয়ন। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
 
এদিন প্রথমে ব্যাট করে কলাবাগান নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে। জবাবে, ব্যাটিংয়ে নেমে ২৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে ৪ উইকেট হারানো ব্রাদার্স।
 
কলাবাগানের হয়ে দুই ওপেনার ইরফান শুক্কুর ৪২, মাইশুকুর রহমান ১৯ রান করেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩০ রান করে তাপস ঘোষ। ইনিংস সর্বোচ্চ ৫৪ রান আসে দলপতি মাহমুদুল হাসানের ব্যাট থেকে। মেহেদি হাসান মিরাজ রান আউট হওয়ার আগে করেন ২১ রান। আর নুরুজ্জামান করেন ১৭ রান।
 
ব্রাদার্সের হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ শহীদ ও লিস্ট ‘এ’ ক্যারিয়ারে অভিষিক্ত হওয়া সঞ্জিত সাহা। তুষার ইমরান বল হাতে ৫ ওভারে খরচ করেন মাত্র ১৬ রান।
 
২১৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ব্রাদার্সের ওপেনার শাহরিয়ার নাফিস ২৬ রানে প্যাভিলিয়নে ফেরেন। আরেক ওপেনার নাফিস ইকবালের ব্যাট থেকে আসে ১৩ রান। তিন নম্বরে নামা জাকির হাসান খেলেন ১৬ রানের ইনিংস।
 
চার নম্বরে ব্যাট হাতে নামেন অধিনায়ক তুষার ইমরান। ৬৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।