প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাগারে বিনা বিচারে দীর্ঘদিন যারা আটকে আছেন তাদের তালিকা করে আইনগত সহায়তা দেয়ার নির্দেশ দিয়ে বলেছেন, এমন বহু মানুষ আছেন, যারা বিচার পান না। অনেকে মিথ্যা মামলায় বছরের পর বছর কারাগারে পড়ে আছেন। তারা বা তাদের পরিবারের সদস্যরা জানেনই না, কিভাবে এ দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে আইনগত সহায়তা পেতে হয়। তাদের কল্যাণেই জাতীয় আইনগত সহায়তা কর্মসূচি চালু করেছে সরকার। বিনা বিচারে এভাবে যারা দীর্ঘদিন কারাগারে বন্দী রয়েছেন, তাদের তালিকা করে আইনি সহায়তা দিতে হবে। মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে, যাতে কেউ বিনা বিচারে কারাগারে আটক থেকে কষ্ট না পায়।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় আইনগত সুবিধা প্রদান দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আইন মন্ত্রণালয় এবং জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক বিভাগ অনুষ্ঠানটির আয়োজন করে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে লিগ্যাল এইড কল সেন্টার জাতীয় হেল্পলাইনের উদ্বোধন করেন। এ হেল্পলাইনে (১৬৪৩০) ফোন করে জাতীয় আইনগত সহায়তা প্রদানকারী সংস্থার মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পাবেন দেশের স্বল্প আয়ের এবং অসহায় বিচারপ্রার্থীরা।
পঁচাত্তর পরবর্তী সময়ের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুসহ তার পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করা হলো। এরপর যেন এ হত্যাকাণ্ডের কোনো বিচার না হয়, সেজন্য একটি অধ্যাদেশ জারি করা হলো। আমাদের বিচার চাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হলো। তবে, জনগণের রায়ে ২১ বছর পর ক্ষমতায় এসে আমরা সেই অধ্যাদেশ বাতিল করে ওই বর্বর হত্যাকাণ্ডের বিচার করেছি। প্রধানমন্ত্রী বলেন, বিচার চাওয়ার অধিকার সকলেরই রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারের দায়িত্ব গ্রহণের পর পরই অধঃস্তন আদালতের জন্য বিচারক নিয়োগ, নতুন নতুন আদালত ও ট্রাইব্যুনাল স্থাপনসহ প্রয়োজনীয় পদ সৃষ্টি করেছি। উচ্চ আদালতেও বিচারকের সংখ্যা বাড়ানো হয়েছে।
সরকারি আইনি সহায়তা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ার লক্ষ্যে দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টেও দুঃস্থ, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত বিচারপ্রার্থীদের জন্য সরকারি আইনি সেবা প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি আইনি সেবার মানোন্নয়নে সহায়তা প্রদান’ প্রকল্পের আওতায় সম্পূর্ণ সরকারি অর্থায়নে সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এ কল সেন্টারের মাধ্যমে ২৪ ঘণ্টা দেশের যেকোনো স্থান থেকে যে কেউ বিনামূল্যে কল করে আইনগত সেবা নিতে পারবেন।
আইন মন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক, লিগ্যাল এইড সার্ভিসেসের পরিচালক মালিক আবদুল্লাহ আল আমিন প্রমুখ।
প্রধানমন্ত্রী কাল গোপালগঞ্জ যাচ্ছেন
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দিনের সফরে আগামীকাল শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন। এ দিন সকালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে বঙ্গবন্ধু কন্যা পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করবেন। এছাড়া প্রধানমন্ত্রী কয়েকটি প্রকল্প উদ্বোধন এবং কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুপুরে প্রধানমন্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান চত্বরে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
