বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনে বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগ উঠেছে নিবন্ধনের সেন্টারগুলোর বিরুদ্ধে। এদিকে সিম পুনঃনিবন্ধনের শেষ সময় দেয়া হয়েছে ৩০ এপ্রিল। তাই গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এসময় গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনাও ঘটেছে।
রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, নিবন্ধনের কেন্দ্রগুলোতে গ্রাহকদের কাছ থেকে পোস্টপেইডের জন্য ৫০ টাকা ও প্রিপেইডের জন্য ১০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। এ বিষয়কে কেন্দ্র করে সিম নিবন্ধনের কর্মীদের সঙ্গে গ্রহকদের হাতাহতি ও মারামারি করতে হয়েছে।
টাকা না নেয়ার ব্যাপারে প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয় থেকে সম্পূর্ণ নিষেধ করার পরও এ ঘটনায় গ্রহকরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে সিম নিবন্ধন করতেও অনাগ্রহী হয়ে পড়েছেন।
এদিকে, বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধনের জন্য বেঁধে দেওয়া সময় ৩০ এপ্রিলের পর কয়েক ঘণ্টা সিম বন্ধের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়ে প্রতিমন্ত্রী তারানা হালিম। সময়সীমা শেষ হওয়ার পরে নিবন্ধন কীভাবে হবে সে বিষয়ে শনিবার জানানো হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
