টঙ্গীতে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ০০:৩০

টঙ্গীতে মিরাশ পাড়া নদীবন্দর এলাকায় স্ত্রী দুলালী বেগমকে (৩৫) গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রুহুল আমিন পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, দুলালী একটি ওয়াশিং কারখানার শ্রমিক ছিলেন। চলতি মাসের বেতন পেয়ে স্বামী রুহুল আমিনকে না দেয়ার গত কয়েকদিন তাঁদের মাঝে বিরোধ চলছিল। এরই  ধারাবাহিকতায় ঘটনার দিন ফের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী রুহুল আমিন তাঁর স্ত্রী দুলালীকে গলাটিপে হত্যা করে পালিয়ে যান।

টঙ্গী পূর্ব থানা উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে যে আলামত পাওয়া গেছে তাতে গলাটিপে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেছি।

নিহত দুলালী রংপুর জেলার রাজারহাট থানার সাতভিটা গ্রামের বাসিন্দা। সে নদীবন্দর এলাকায় মোছলেম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তার স্বামী পেশায় রিক্সা চালক ছিলেন। যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/আরকেজি