ভারতে সালমানকে সরিয়ে অলিম্পিকের শুভেচ্ছাদূত শচীন

আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ১৫:৪৯
২০১৬ রিও অলিম্পিকে সালমান খানকে ভারতের শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেয়ার পরই ব্যাপক সমালোচনার মুখে পড়ে দেশটির অলিম্পিক এসোসিয়েশন। 
 
সবাই বলে, এতো ক্রীড়া ব্যক্তিত্ব থাকতে বলিউড অভিনেতাকে কেন বেছে নেয়া হলো। সেই সমালোচনা থামাতেই এবার ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকারকে শুভেচ্ছা দূত হওয়ার লিখিত প্রস্তাব দিয়েছে আইওএ।
 
ভারতীয় সংবাদ সংস্থা ‘দ্য এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)’ তাদের টুইটার পেজে এমনটিই নিশ্চিত করেছে। শুধুমাত্র শচীনই নন, জানা যায়, ভারতের প্রখ্যাত সংগীত শিল্পী এআর রহমান ও অলিম্পিক গোল্ড মেডেল জয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা আইওএ’র শুভেচ্ছা দূত তালিকায় রয়েছেন।
 
গত শনিবার আইওএ সালমানের নাম ঘোষণার পর, অলিম্পিক মেডেল জয়ী কুস্তিগীর যুগেশ্বর দত্ত ও কিংবদন্তি দৌড়বিদ মিল্কা সিং অসন্তোষ প্রকাশ করেন। ক্রীড়া ব্যক্তিত্বের বাইরের একজনকে নিয়োগ দেওয়াতেই তারা প্রশ্ন তোলেন। পরে আরো অনেক ক্রীড়াবিদ এ কাতারে শামিল হন এবং একজন ক্রীড়া ব্যক্তিত্বকে শুভেচ্ছা দূত করা উচিৎ ছিল বলে দাবি তোলেন।