নীলফামারীর সৈয়দপুর উপজেলায় অবস্থিত ইকু গ্রুপের ইকু কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি বলে জানান প্রতিষ্ঠানটির মালিক।
শুক্রবারের এ ঘটনায় ফ্যক্টরিতে তৈরি কয়েল, কেমিক্যাল, মেশিনপত্র ও প্যাকেট প্রভৃতি পুড়ে গেছে। দমকল বাহিনীর তিনটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় আট একর জমির উপর প্রতিষ্ঠিত ইকু গ্রুপের কয়েল, জুট মিল, পোলট্রি, সাবান ও গুল ইত্যাদি কারখানা।
জানা গেছে, শুক্রবার কয়েল ফ্যাক্টরিতে আগুনের ধোঁয়া দেখে এলাকাবাসী দমকল বাহিনীকে খবর দেয়। সৈয়দপুর, নীলফামারী ও উত্তরা ইপিজেড দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ফ্যাক্টরির সকল মালামাল পুড়ে গেছে।
উত্তরা ইপিজেড দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, তদন্ত ছাড়া অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি বলা সম্ভব হচ্ছে না। তবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
ইকু গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ সিদ্দিকুল আলম বলেন, ‘ঘটনাটি রহস্যজনক। অল্পের জন্য রক্ষা পেয়েছে আমার অন্যান্য মিল কারখানা।’
